সিটি ব্যাংক পিএলসির আগ্রাবাদ করপোরেট ডিভিশনের গ্রাহক ফোর এইচ গ্রুপের একটি হিসাব থেকে জালিয়াতির মাধ্যমে ৭ কোটি ৪০ লাখ টাকা নিজের ব্যাংক হিসাবে স্থানান্তর করেন মো. মহিউদ্দিন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় ওই টাকা আত্মসাতের অভিযোগে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা যায়।
মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ২টার দিকে নগরের বহদ্দারহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক সুবেল আহমেদ।

গ্রেপ্তার মহিউদ্দিন নগরের হালিশহর থানার হালিশহর আবাসিক এলাকার ব্লক-এ এলাকার বাসিন্দা। তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার ওয়াসিকপুর এলাকার হাজি মো. সিদ্দিকুর উল্লাহ বাড়ির মো. হারুন আর রশিদের ছেলে।
দুদক উপপরিচালক সুবেল আহমেদ বলেন, ‘১০ ফেব্রুয়ারির এক তদন্তে উঠে আসে, মহিউদ্দিন সিটি ব্যাংক পিএলসির আগ্রাবাদ করপোরেট ডিভিশনের গ্রাহক ফোর এইচ গ্রুপের একটি হিসাব থেকে জালিয়াতির মাধ্যমে ৭ কোটি ৪০ লাখ টাকা নিজের ব্যাংক হিসাবে স্থানান্তর করেন। পরে তিনি ওই অর্থ আত্মসাৎ করে অন্যত্র স্থানান্তর ও রূপান্তর করেন বলে অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। মঙ্গলবার দুপুর নগরের বহদ্দারহাট এলাকা থেকে মহিউদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।’

