রবিবার, ২৯ মার্চ ২০২৬
সম্প্রীতির বার্তা চসিক মেয়রের

দেশে ইসলাম প্রচারে পীর-আউলিয়াদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: মেয়র ডা. শাহাদাত

শাহ্ চিকন খলিফা (রহঃ)-এর ওরশে ভক্তদের ঢল
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে শাহ্ চিকন খলিফা (রহঃ)-এর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে ভক্তদের ঢল নেমেছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ছনহরা এলাকায় প্রখ্যাত আধ্যাত্মিক সাধক হযরত শাহ্ চিকন খলিফা (রহঃ)-এর বার্ষিক ওরশ শরীফ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় মাদ্রাসা ময়দান প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ ওরশ মাহফিল সম্পন্ন হয়।

- Advertisement -shukee

অনুষ্ঠানে মেয়র বলেন, “বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইসলাম প্রচার ও প্রসারে পীর-আউলিয়াদের অবদান অপরিসীম। তাঁদের আত্মত্যাগ, মানবিকতা ও আধ্যাত্মিক শিক্ষার মাধ্যমেই এ অঞ্চলে ইসলামের শান্তি, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে পড়েছে।”

তিনি বলেন, “শাহ্ চিকন খলিফা (রহঃ)-এর মতো অলী-আউলিয়ারা মানুষকে মানবতা, নৈতিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষা দিয়েছেন। তাঁদের জীবনাদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব।”

মেয়র আরও বলেন, “চট্টগ্রাম এমন একটি নগরী যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করছে। এ ধরনের ওরশ ও ধর্মীয় আয়োজন সেই সম্প্রীতিকে আরও সুদৃঢ় করে।”

তিনি ধর্মীয় মূল্যবোধ চর্চার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, “ধর্ম আমাদের সহনশীলতা, ন্যায়পরায়ণতা ও মানবকল্যাণের শিক্ষা দেয়। তাই সমাজে শান্তি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

ওরশে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতে অংশ নেন এবং শাহ্ চিকন খলিফা (রহঃ)-এর মাজারে আগত ভক্তদের প্রতি শুভেচ্ছা জানান।

ওরশ মাহফিলে সভাপতির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, “ওরশ শরীফ কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষের মাঝে আধ্যাত্মিক চেতনা জাগ্রত করে এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেম মুফতি আহম্মদ হোছাইন আলকাদেরী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ এবং মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব।

ওরশ শরীফ উপলক্ষে কোরআন খতম, মিলাদ মাহফিল, হামদ-নাত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, সুশৃঙ্খল পরিবেশে ও সফলভাবে ওরশ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

 

সর্বশেষ

এই বিভাগের আরও