চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নগরফুল ঈদবস্ত্র বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্যসেবার যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজকে আরও সুন্দর ও মানবিক করে তোলে। এই সংগঠনটি বিগত এক দশকেরও বেশি সময় ধরে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের শিক্ষা, স্বাস্থ্য, এবং মৌলিক অধিকার নিয়ে কাজ করছে। সিআরবিসহ বিভিন্ন স্থানে ‘নগরফুল স্কুল’ পরিচালনার মাধ্যমে এই সংগঠনটি শিশুদের শিক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। সুবিধাবঞ্চিত শিশুদের আলোর পথ দেখাতে কাজ করছে নগরফুল। সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে অসহায় মানুষের জীবনমান উন্নত করা সম্ভব।
শনিবার (১৪ মার্চ) বিকেলে নগরীর ষোলশহর রেলস্টেশনে সামাজিক সংগঠন নগরফুলের উদ্যোগে ১২তম বারের মতো ঈদবস্ত্র বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে “সবার আগে ঈদের সাজে সাজবে নগরফুল” এই স্লোগানকে সামনে রেখে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদবস্ত্র উপহার তুলে দেন মেয়র। পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এছাড়াও একটি অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে একটি টি স্টল প্রদান করা হয়।
এসময় মেয়র বলেন, এই সংগঠনটি পথশিশুদের জন্য ‘নগরফুল স্কুল’ পরিচালনা করে, যেখানে স্বেচ্ছাসেবীরা পাঠদান করে। সবার আগে ঈদের সাজে সাজবে নগরফুল কর্মসূচির আওতায় প্রতি বছর সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক ও উপহার বিতরণ করে। তাছাড়া তীব্র শীতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে থাকে। সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য, স্যানিটেশন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করে নগরফুল।
নগরফুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বায়েজিদ সুমন বলেন, দীর্ঘ ১২ বছর ধরে নগরফুল সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ঈদের হাসি ফোটানোর চেষ্টা করে যাচ্ছে। আমাদের লক্ষ্য শুধু পোশাক দেওয়া নয়, বরং শিশুদের মুখে হাসি ফোটানো এবং অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেয়া। সমাজের সবার সহযোগিতা পেলে আমরা এ কার্যক্রম আরও বড় পরিসরে চালিয়ে যেতে চাই।
নগরফুলের সভাপতি মোহাইমেনুর রহমান মাহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরফুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বায়েজিদ সুমন, নগরফুলের উপদেষ্টা সাঈদ মিল্কি, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, ঈদ বস্ত্র বিতরণ কমিটির আহবায়ক মুন দাস রাহুল, সমাজকর্মী ও সংগঠক লায়ন আরশাদুর রহমানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

