ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা। বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে তারা সড়কে অবস্থান নেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ২ টা) সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।
শ্রমিকদের অভিযোগ, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও ছুটির টাকা এখনো পরিশোধ করা হয়নি। ১০ মার্চ দেয়ার কথা থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এসব কারণে তারা ক্ষোভে মহাসড়ক অবরোধ করেন। এর আগেও আন্দোলন করে আমাদের বকেয়া বেতন নিতে হয়েছে।

সুইং সেকশনের কর্মী লিপি আক্তার বলেন, ঈদ সামনে, কেনা-কাটার বিষয় আছে। আমাদের বেতন, ঈদ বোনাস, বাৎসরিক ছুটির টাকা এখনো দেয়নি। কবে দিবে, কখন দিবে কেউ কোনো কথা বলে না। গতকাল জিএম আমাদের বলছে আজকে কথা বলে বেতন দিবে। কিন্তু আজকে জিএমই নাই কারখানায়। এর আগেও আন্দোলন করে আমাদের বকেয়া বেতন নিতে হয়েছে।
কাটিং সেকশনে কর্মরত শান্ত বলেন, আমরা দীর্ঘ ৩ বছর যাবত এখানে চাকরি করি। বেশ কিছুদিন ধরেই আমাদের কারখানায় ঝামেলা চলছে। আমরা অনেক ছাড় দিয়েছি। এখন একটা ঈদ। ঈদে যদি শ্রমিকদের বেতন-বোনাস না দেওয়া হয়। তাহলে আমরা কি করে বাড়ি যাবো। আমাদের সবারই তো পরিবার আছে। মালিকপক্ষ আমাদের কথায় কেউ কর্ণপাত করতেছে না।
অবরোধের ফলে ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুইপাশে যান চলাচল বন্ধ রয়েছে। এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রী ও বিভিন্ন পণ্যবাহী পরিবহন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, ভালুকা থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
এ বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল জানান, শ্রমিকদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের চেষ্টা চলছে।
শেফার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোকলেছুর রহমান জানান, কারখানার মালিকের সাথে কথা বলেছি। বৃহস্পতিবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা হবে।

