শনিবার, ১ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

ইপসার উদ্যোগে চট্টগ্রামে প্রতিবন্ধী ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

আজ(২ মার্চ) নগরীর লালখান বাজারস্থ পিটস্টপ রেস্টুরেন্টে  “বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তুতিবিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়।

- Advertisement -

জার্মান ফেডারেল ফরেন অফিস (জিএফএফও)-এর অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন- ইপসা বাস্তবায়িত ‘অ্যান্টিসিপেটরি অ্যাকশন’ প্রকল্পের উদ্যোগে  আয়োজিত কর্মশালায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাহাড়ধস-প্রবণ ১৪ নম্বর লালখান বাজার, ৯ নম্বর উত্তর পাহাড়তলী, ৮ নম্বর শুলকবহর ও ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের উল্লেখযোগ্যসংখ্যক প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহণ করেন।

- Advertisement -shukee

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ইপসার সহকারী পরিচালক নেওয়াজ মাহমুদ এবং সমাজসেবা অধিদপ্তরের ইশারা ভাষাশিক্ষক কোহিনুর আক্তার। এছাড়া ইপসার প্রকল্প ব্যবস্থাপক ও দুর্যোগবিষয়ক ফোকাল সানজিদা আক্তার সার্বিক বিষয়াবলির ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। ‘অ্যান্টিসিপেটরি অ্যাকশন’ ও সুরক্ষা নীতিমালা বিষয়ে পৃথক সেশন পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ আতাউল হাকিম ও এস এম শাহরিয়ার আলম।

বক্তারা উল্লেখ করেন, ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, অগ্নিকাণ্ড, ভূমিকম্প বিশেষ করে পাহাড়ধসের মতো দুর্যোগে প্রতিবন্ধী ব্যক্তিরা তুলনামূলকভাবে অধিক ঝুঁকির মুখে থাকেন। তাই আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং সহায়ক অবকাঠামো উন্নয়ন অত্যন্ত জরুরি। কর্মশালায় নিরাপদ আশ্রয়কেন্দ্রে প্রবেশাধিকার নিশ্চিতকরণ, হুইলচেয়ার চলাচলের উপযোগী র‌্যাম্প নির্মাণ, সাইন ল্যাঙ্গুয়েজ সহায়তা এবং সহজলভ্য তথ্যপ্রাপ্তির ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষণে দুর্যোগ-পূর্ব করণীয় নির্ধারণ, জরুরি নম্বর সংরক্ষণ, পরিবারভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন, নিরাপদ যাতায়াত ব্যবস্থা, খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী সংরক্ষণ, প্রাথমিক চিকিৎসা এবং দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার কৌশল বিষয়ে হাতে-কলমে অনুশীলন করানো হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা দুর্যোগের পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর পদক্ষেপ গ্রহণের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

ইপসার ম্যানেজার সানজিদা আক্তার তাঁর বক্তব্যে বলেন, “দুর্যোগ ঝুঁকি কমাতে অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনার কোনো বিকল্প নেই। প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা ও প্রয়োজনকে কেন্দ্র করে পূর্বপ্রস্তুতি গ্রহণ করা হলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। কমিউনিটি পর্যায়ে সমন্বিত উদ্যোগ ও অংশগ্রহণমূলক পরিকল্পনাই টেকসই দুর্যোগ ব্যবস্থাপনার ভিত্তি গড়ে তোলে।”

তিনি আরও বলেন, “অ্যান্টিসিপেটরি অ্যাকশন কেবল একটি প্রকল্প নয়; এটি একটি মানসিকতা যেখানে সম্ভাব্য দুর্যোগের আগেই আমরা প্রস্তুত হই, ঝুঁকি চিহ্নিত করি এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করি।”

কর্মশালাটি অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন। কর্মশালা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে কিছু প্র‍য়োজনীয় উপহারসামগ্রী প্রদান করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও