নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ ছাড়া, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভাকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ শপথের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ নিয়ে চতুর্থবারের মতো সরকার গঠন করছে।

তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে জিয়া পরিবারের তৃতীয় একজন ক্ষমতায় আসছেন। তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন দেশের রাষ্ট্রপতি এবং মা খালেদা জিয়া ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী।
বিএনপি সর্বশেষ ২০০১ সালে সরকার গঠন করেছিল। খালেদা জিয়ার নেতৃত্বে ওই চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষ হয় ২০০৬ সালের ২৮ অক্টোবর। এর আগে তিনি স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পরও স্বল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা জিয়া। বিএনপির প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল সদস্যের হাতে নিহত হন। 
এবারের নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলে বিএনপি ২০৯টি আসন এবং তার মিত্ররা পেয়েছে ৩টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়ী হয়েছে ৬৮টি আসনে। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং অন্য শরিকেরা আরও ৩টি আসন পেয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে।
তারেক রহমান এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি আসনেই বিজয়ী হয়েছেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, দল সরকার গঠন করলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী। তারেক রহমান গতকাল ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন। ওই আসনে এখন উপনির্বাচনের আয়োজন করবে ইসি।

