পবিত্র রমজান মাস উপলক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল, অ্যাডভোকেট তানজিনা ববি লিজা। আদেশে পুরো রমজান মাস প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি থেকে মাদরাসাগুলোতে পবিত্র রমজানের ছুটি শুরু হলেও সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে এবার ১৫ রমজান পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন অনেক শিক্ষক ও অভিভাবক। পরবর্তীতে পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখার জন্য হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। সেই রিটের প্রেক্ষিতেই আজ এ আদেশ দেন আদালত।
আদেশের ফলে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুল রমজান উপলক্ষে বন্ধ থাকবে।

