নিজের চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোলের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
বুধবার (৫ অক্টোবর) তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নাচোল ইউএনও মো. কামাল হোসেনকে জনস্বার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হলো। এ ছাড়া প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, মঙ্গলবার মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি নেয়ার অভিযোগে দায়ের করা মামলার তদন্তে প্রকৃত পরিচয় নিশ্চিত করতে কামাল হোসেন, তার পিতা-মাতা এবং চাচা-চাচির ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেয় দুদক। ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নেয়ার একদিন পর নাচোলের এই ইউএনওকে প্রত্যাহার করা হলো।
গত বছরের ২৬ ডিসেম্বর তার বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে। মামলার সূত্রে জানা যায়, কামাল হোসেন ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সময় মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সুবিধা পেতে নিজের জন্মদাতা পিতা-মাতা মো. আবুল কাশেম ও মোছা. হাবীয়া খাতুনের পরিবর্তে চাচা মো. আহসান হাবীব (বীর মুক্তিযোদ্ধা) এবং চাচি মোছা. সানোয়ারা খাতুনকে পিতা-মাতা হিসেবে উল্লেখ করেন। এই জালিয়াতির মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি, চাকরি এবং অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করেছেন বলে তদন্তে প্রমাণ পাওয়া গেছে।
বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার এবং নওগাঁর আত্রাই উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন।

