নোয়াখালীর কবিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিএনজিচালক শাহ আলম খোকন (৪৬) সিএনজি আরোহী শিক্ষার্থী তানিম হাসান (২৬), মো. সুমন (৩৩) ও শাহাদাত হোসেন (৩৬)। তবে তাৎক্ষণিকভাবে এক নারীসহ দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে জেলা শহর মাইজদী থেকে ৫ জন যাত্রী নিয়ে বসুরহাটের উদ্দেশে একটি যাত্রীবাহী সিএনজি রওনা দেয়। যাত্রাপথে সিএনজিটি উপজেলার কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কবিরহাট-বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনে পৌঁছলে সিএনজির সামনের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টো পাশে চলে যায়।
তখন বিপরীত দিক থেকে আসা ট্রাক যাত্রীবাহী সিএনজিকে চাপা দিয়ে টেনে নিয়ে যায়। এতে সিএনজি চালকসহ ৪ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়।
আহত দুজনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কবিরহাট দমকল কর্মী ও পুলিশ আহত ও নিহতের উদ্ধার করেন।
কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার দীপেন দাস জানান, আহতদের প্রথমে আমাদের এখানে আনা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ দুর্ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে।
ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছে। পরে ঘটনাস্থল থেকে ট্রাক জব্দ করে থানায় আনা হয়েছে বলে ওসি জানান।

