প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে আজ সোমবার মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। দুপুর ২টায় তিনি ঢাকা ছেড়ে যান।
গতকাল রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে জানানো হয়, এই সফরে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি খাতে অংশীদারিত্ব, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) ও মালয়েশিয়ান কোম্পানি মেমোসের মধ্যে চুক্তি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (আইএসআইএস) মধ্যে সমঝোতা এবং এফবিসিসিআই ও মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমআইসিসিআই) মধ্যে সহযোগিতাসহ পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে।

এছাড়া তিনটি নোট বিনিময় হবে—হালাল খাদ্য ব্যবস্থাপনা, ফরেন সার্ভিস একাডেমি ও মালয়েশিয়ার ইনস্টিটিউট অব ডিপ্লোমেসি অ্যান্ড ফরেন রিলেশনস (আইডিএফআর)-এর মধ্যে সহযোগিতা এবং উচ্চশিক্ষা খাতে পারস্পরিক সহায়তা।
সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত ও প্রতিনিধি পর্যায়ের বৈঠকে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ, দক্ষ জনশক্তি প্রেরণ, শ্রমিকদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, বর্জ্য ব্যবস্থাপনা ও গভীর সমুদ্রে মৎস্য আহরণে বিনিয়োগ ইত্যাদি বিষয়েও আলোচনা হবে।
তৃতীয় দিনে ড. ইউনূস ইউনিভার্সিটি কেবাঙ্গাসান মালয়েশিয়া থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন এবং শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেবেন।

