চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝরনা দেখতে এসে লেকে গোসল করতে নেমে তাহসিন আনোয়ার (১৭) নামের এক পর্যটক মারা গেছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের সহস্রধারা ঝরনায় এ ঘটনা ঘটে।
তাহসিন চট্টগ্রাম নগরীর বায়োজিদ থানার ডিওএইচএস এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। তাদের গ্রামের বাড়ি নোয়াখালির লক্ষিপুর থানার পাঁচপাড়া চন্দ্রগঞ্জ এলাকায়। তাহসিন এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম থেকে তাহসিনসহ সাত বন্ধু মিলে বারৈয়ারঢালা সহস্রধারা ঝরনায় ঘুরতে আসে। বিকেলে ঝরনার পাশে থাকা লেকে গোসল করতে নামে তাহসিন ও তার বন্ধুরা। গোসলে নামা ছয়জন সাঁতরে ওপরে উঠতে পারলেও সাঁতার না জানার কারণে ডুবে যায় তাহসিন। খবর পেয়ে সীতাকুণ্ড থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাহসিনের লাশ উদ্ধার করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘ঝরনায় বেড়াতে আসা ওই কিশোর সাঁতার না জানার কারণে ডুবে মারা গেছে। তার পরিবারকে খবর দেয়া হয়েছে। এ বিষয়ে তাদের কোনো অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
এদিকে সীতাকুণ্ডে পুকুরে ডুবে সাফায়েত নামে দুই বছর বয়সী এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল দশটায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকায় এ ঘটনা ঘটে। সাফায়েত ওই গ্রামের দুলার বাড়ির মো. সোহেলের কন্যা।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি ইফতেখার আহম্মদ জুয়েল।
স্হানীয়সূ ত্রে জানা গেছে, সকালে ঘরের বাহিরে খেলা করার ফাঁকে সকলের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে মৃত দেহ ভেসে উঠতে দেখে। এসময় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।

