গাইবান্ধার পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জে পৃথক বাস ও ট্রাকচাপায় সিএনজি অটোরিকশা চালক, অটোরিকশার ৩ যাত্রীসহ ৬ জন নিহত হয়েছেন। এ সব দুর্ঘটনায় শিশুসহ আরও ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার (৬ জুন) বিকেল ৪টার দিকে মহদীপুর ইউনিয়নের গাইবান্ধা-পলাশবাড়ির ঢোলভাঙ্গা সংলগ্ন সৃষ্টিরতল এলাকার তহিদুলের ইটভাটার সামনে বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা ৩ যাত্রী নিহত হয়েছেন। নিহত তিনজনই পুরুষ।

অপরদিকে, গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় রইচ উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সকাল সাড়ে ৮টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এছাড়া, বিকেল সোয়া ৫টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের বোগদহ কলোনী এলাকায় ট্রাকচাপায় সিএনজি চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ ৪ জন ।

