
ঢাকায় ফেরানো হচ্ছে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীমকে। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তাকে অবিলম্বে ঢাকায় সদরদপ্তরে ফিরতে বলা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর রদবদলের অংশ হিসেবে এই দূতকে ফেরানো হচ্ছে বলে জানা গেছে।

২০১৮ সালের ৩০ নভেম্বর থেকে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন সাইদা মুনা। অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করা এ কূটনীতিক বহির্বিশ্বে সব সময়ই বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে।
তিনি আয়ারল্যান্ড ও লাইবেরিয়ায় রাষ্ট্রদূত ছিলেন এবং এই পদে অধিষ্ঠিত প্রথম মহিলা। তিনি পূর্বে থাইল্যান্ড ও কম্বোডিয়ায় হাইকমিশনার এবং জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব ছিলেন বিএসএস পররাষ্ট্র ক্যাডারের একাদশ ব্যাচের এই কর্মকর্তা।
রাষ্ট্রদূত হওয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ ও বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক লন্ডন হাই কমিশন ও নিউ ইয়র্কে জাতিসংঘ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন সাইদা মুনা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়ার পর তাসনিম ইউনিভার্সিটি অব অব লন্ডন থেকে পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন। তিনি ১৯৯৩ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন ।

