নিজস্ব প্রতিবেদক *
বরগুনার আমতলীতে একটি ঝুঁকিপূর্ণ সংযোগ সেতু ভেঙে বরযাত্রীবাহী দুটি গাড়ি খালে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এবং ১১ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস, পুলিশ, ডুবুরি ও স্থানীয় মানুষ কাজ করছেন।

শনিবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়ন ও চাওড়া ইউনিয়নের ব্রিজ হলদিয়া হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, সেতু ভেঙে খালে পড়া মাইক্রোবাসটিতে করে বিয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন লোকজন। এ সময় সেতুটি ভেঙে মাইক্রোবাসটি খালে পড়ে যায়। এতে খালে ডুবে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া ১১ জন নিখোঁজ রয়েছেন।

ইউএনও মোহাম্মদ আশরাফুল আলম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছেছি। নিখোঁজদের উদ্ধার করতে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছেন।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ার ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে ১০টি লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মাইক্রোবাসটি এখনও পানির নিচে।
ঘটনাস্থলে আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম ছরোয়ার ফোরকান, সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, আমতলী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু ও হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

