স্থানীয় সরকার নির্বাচন কাভারেজ, তথ্যের শুদ্ধতা ও সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে তিন দিনের প্রশিক্ষণ মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) শুরু হয়েছে। এতে ২০ জন গণমাধ্যমকর্মী ও শিক্ষাবিদ অংশ নিচ্ছেন, যারা পরবর্তী সময়ে সারা দেশে সাংবাদিকদের প্রশিক্ষণ দেবেন।
জাতিসংঘের নির্বাচনী সহায়তা প্রকল্প ব্যালটের আওতায় ইউনেস্কো ও পিআইবি যৌথভাবে প্রশিক্ষকদের জন্য এই রিফ্রেশার প্রশিক্ষণের আয়োজন করেছে। এর আগে, পিআইবির পূর্ববর্তী প্রশিক্ষণে অংশ নেয়া প্রশিক্ষকরা ২০২৬ সালের জানুয়ারি–ফেব্রুয়ারিতে দেশের ৬০টি জেলায় ২ হাজার ৬০০ জনের বেশি সাংবাদিককে প্রশিক্ষণ দিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, “তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির জন্য অপতথ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য বিকৃতির চেষ্টা শনাক্ত করার দক্ষতা অপরিহার্য। ইউএনডিপির নেতৃত্বাধীন ব্যালট প্রকল্পের মাধ্যমে ইউনেস্কোর সহায়তায় পিআইবি তৃণমূলের সাংবাদিকদের এই দক্ষতা বাড়াতে কাজ করছে।”
পূর্ববর্তী প্রশিক্ষণ কর্মসূচিগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে এবার স্থানীয় সরকার নির্বাচন কাভারেজকে অগ্রাধিকার দেয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা এ বিষয়ে সারা দেশে পিআইবির প্রশিক্ষণ পরিচালনা করবেন।
ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ও ঢাকা কার্যালয়ের প্রধান ড. সুসান ভাইজ বলেন, “মানুষ প্রতিদিন যেসব সেবা ব্যবহার করে, সেগুলো নিয়ে সিদ্ধান্ত গ্রহণে স্থানীয় সরকার নির্বাচনের প্রভাব রয়েছে। নিজেদের এলাকার জন্য কী গুরুত্বপূর্ণ, তা বুঝতে এবং জেনেবুঝে ভোটের সিদ্ধান্ত নিতে ভোটারদের নির্ভুল সংবাদ প্রয়োজন।”
অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান ও শিক্ষাঙ্গনের প্রতিনিধিরা।
ব্যালট প্রকল্পের প্রধান কারিগরি উপদেষ্টা আন্দ্রেস দেল কাস্তিলো সানচেজ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “নির্বাচনী প্রচারের তথ্য ভোটারদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে এবং জনসাধারণের আস্থার ওপর দীর্ঘস্থায়ী ছাপ রাখতে পারে। তাই পুরো নির্বাচনী প্রচারজুড়েই সাংবাদিকদের তথ্য যাচাই করতে হবে। বিশেষ করে স্থানীয় নির্বাচনে, যেখানে এর প্রভাব সরাসরি জনগোষ্ঠীর ওপর পড়ে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যালট প্রকল্পের ডিজিটাল সলিউশনস স্পেশালিস্ট রোচন কাদারিয়া; ব্যালট প্রকল্পে ইউনেস্কোর মিডিয়া অ্যান্ড ইলেকশনস কার্যক্রমের প্রধান শাকিল এম. ফয়সাল; ইউনেস্কোর ব্যালট প্রকল্পের কর্মসূচি সহকারী রাকিবুল ইসলাম এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের প্রশিক্ষক ও ‘হেইট স্পীচ’ বিশেষজ্ঞ নাদিম ফরহাদ।

