Thursday, 1 October 2026

[the_ad id='15178']

হাটহাজারী সরকারি কলেজ ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠান প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে

নিজস্ব প্রতিবেদক

সামাজিক অপরাধ ও পারিবারিক সহিংসতার মূল উৎস মাদক উল্লেখ করে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল বলেছেন, মাদকসেবীর সংখ্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে। মাদক চোরাচালান ও বেচাকেনায় জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স নীতিতে কঠোর আইনি ব্যবস্থা নেবে।

- Advertisement -

বুধবার (৩০ সেপ্টেম্বর) হাটহাজারী সরকারি কলেজ ক্যাম্পাসে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান-২০২৬ এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -shukee

প্রতিমন্ত্রী বলেন, সামাজিক বিচ্ছিন্নতা ও অসৎ সঙ্গ তরুণদের জীবনকে অন্ধকার জগতে ঠেলে দেয়।

তাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার সময় সচেতন থাকতে হবে। মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

হাটহাজারী সরকারি কলেজ ক্যাম্পাসে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীকে পুরস্কার তুলে দিচ্ছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু সনদসর্বস্ব ও প্রচলিত একাডেমিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। বৈশ্বিক চাহিদা অনুযায়ী তাদের বাস্তবমুখী, কর্মমুখী ও কারিগরি শিক্ষায় দক্ষ করে তুলতে হবে।

বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তরুণদের ইংরেজি, গণিত ও বিজ্ঞানের প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে।

মীর হেলাল বলেন, দেশজুড়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসারে সরকার লক্ষ্যভিত্তিক পদক্ষেপ গ্রহণ করেছে। বিগত বছরের অবক্ষয় কাটিয়ে শিক্ষামন্ত্রীকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আধুনিক, টেকসই ও গুণগত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে।

হাটহাজারী সরকারি কলেজে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে হাটহাজারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় মাদক ও সন্ত্রাস দমনে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা সুসংহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে হাটহাজারী এলাকার নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী।

এছাড়া হাটহাজারী উপজেলা মৎস্য খাতের উন্নয়ন ও মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে পোনামাছ অবমুক্ত করেন তিনি।

এলজিইডির অধীনে ২০২৬-২৭ অর্থবছরের গ্রামীণ সড়ক সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে ৩৫ জন কর্মীর হাতে নিয়োগপত্রও তুলে দেন প্রতিমন্ত্রী।

নজরুলবর্ষ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ও উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।

এদিন হাটহাজারী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আরেক অনুষ্ঠানে উপজেলার ১৪টি ইউনিয়নের জন্য ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার ওষুধ ছিটানোর ফগার মেশিন বিতরণ করেন মীর হেলাল। পাশাপাশি জনগণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ‘হাটহাজারী হাসপাতাল সড়ক পুনর্বাসন’ কাজের ফলক উন্মোচন ও উদ্বোধন করেন তিনি।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, স্থানীয় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও