চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক নেত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৌসুমী চট্টগ্রামে বসবাসরত হিজড়া সম্প্রদায়ের একটি গ্রুপের কাছে গুরুমা হিসেবে পরিচিত ছিলেন।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম জানান, মৌসুমী বাসায় একাই থাকতেন।
সকালে প্রতিবেশীরা তার বাসার দরজা খোলা দেখতে পান। পরে শয়নকক্ষে বিছানার ওপর উপুড় হয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। গলায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে।
প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

