সাউথইস্ট ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঘোষিত অর্থায়ন প্যাকেজগুলো বাস্তবায়নের লক্ষ্যে ৪১হাজার কোটি টাকার একটি তহবিলে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে। এই অর্থায়ন সুবিধাটি বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার বৃহত্তর সমন্বিত তারল্য সহায়তা কাঠামোর অংশ হিসেবে প্রদান করা হচ্ছে। এই উদ্যোগটির প্রধান লক্ষ্য হলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক শৃঙ্খলা পুনরুদ্ধার এবং উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা।
চুক্তিটি ২৭ আগস্ট, ২০২৬ বাংলাদেশ ব্যাংক সদর দপ্তরে স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ ও মো. সারওয়ার হোসেন, গবেষণা ও ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগের পরিচালক মো. আবদুল মান্নান এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাউথইস্ট ব্যাংক পিএলসি-র পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (কারেন্ট চার্জ) আবিদুর রহমান চৌধুরী এবং ট্রেজারি প্রধান মো. রাশেদুল আলম খান।
এই অর্থায়ন প্যাকেজে অংশগ্রহণের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক অগ্রাধিকারপ্রাপ্ত উৎপাদনশীল খাতগুলোতে উদ্বৃত্ত তারল্য বিনিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে, কর্মসংস্থান বজায় রাখতে এবং বৃহত্তর সামষ্টিক অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

