Tuesday, 1 September 2026

[the_ad id='15178']

জলিল টেক্সটাইল মিল শ্রমিকদের ২১ কোটি টাকা পাওনা অবিলম্বে পরিশোধের দাবি সিপিবির

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফৌজদারহাট শিল্প এলাকায় অবস্থিত বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) নিয়ন্ত্রিত জলিল টেক্সটাইল মিলস লিমিটেডের ৫৪ দশমিক ৯ একর জমি ও স্থাপনা ইতোমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অনুকূলে হস্তান্তর করা হয়েছে। এ প্রেক্ষাপটে মিলের শ্রমিক-কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া পাওনা দ্রুত পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

- Advertisement -

আজ সোমবার (৩১আগস্ট) এক যৌথ বিবৃতিতে সিপিবি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি কমরেড অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর এবং সীতাকুণ্ড উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন মাহমুদ ও সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী এ দাবি জানান।

- Advertisement -shukee

বিবৃতিতে বলা হয়, একসময় দেশীয় সুতা ও কাপড় উৎপাদনের জন্য জাতীয় স্বর্ণপদক অর্জনকারী জলিল টেক্সটাইল মিল ২০০৪ সালে বন্ধ হয়ে যায়। এরপর থেকে ১ হাজার ৭৩ জন শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার ন্যায্য পাওনা পরিশোধে কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি।

নেতারা বলেন, প্রায় ২২ বছর ধরে বকেয়া পাওনার অপেক্ষায় থাকা শ্রমিক-কর্মচারীদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। ইতোমধ্যে অনেকে মারা গেছেন এবং অনেকেই বার্ধক্য ও নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

বিবৃতিতে সরকারের প্রতি অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে শ্রমিক-কর্মচারীদের প্রায় ২১ কোটি টাকা বকেয়া পাওনা পরিশোধের জোর দাবি জানানো হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও