চট্টগ্রামের বাঁশখালীতে মাছবোঝাই পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হন আরও ২ জন।
সোমবার (১ জুন) সকাল ৭টার দিকে উপজেলার পিএবি সড়কের মনছুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. বাহাদুর আলম (২৮) মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জাহিদা ঘোনার বাসিন্দা এবং এক সন্তানের জনক।
তিনি চট্টগ্রামে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। আরেকজন বড় মহেশখালী ইউনিয়নের বাসিন্দা আবুল বশরের ছেলে নোমান মোহাম্মদ ইলাহি (৩৫)।
আহতরা হলেন- মোজাম্মেল হকের মেয়ে মনি বেগম (২৪), চকরিয়ার বদরখালীর আবুল হোসেনের ছেলে মো. হেলাল (২৩)।
বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত ডা. আছরার উল্লাহ নূরী বলেন, আহত ৪ জনকে হাসপাতালে আনা হলে একজনকে মৃত ঘোষণা করা হয়।
৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে আরেকজনের মৃত্যুর খবর শুনেছি।
বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, অটোরিকশায় যাত্রী নিয়ে চকরিয়ার মগনামা ঘাট থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বাঁশখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে।

