রামিসাসহ সকল শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে ‘ উদ্বিগ্ন নাগরিকবৃন্দ’ চট্টগ্রামের উদ্যোগে শনিবার(২৩মে) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘উদ্বিগ্ন নাগরিকবৃন্দ’ এর আহবায়ক সাবেক মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপির সভাপতিত্বে ও ছাত্রনেতা রিপা মজুমদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান,সাংবাদিক সুভাষ দে,এডভোকেট ভুলন ভৌমিক, এডভোকেট শফি উদ্দিন কবির আবিদ, এডভোকেট বিশুময় দেব, প্রকৌশলী সিঞ্চন ভৌমিক,অর্পিতা নাথ, শফিক ইসলাম, শ্রাবণী চক্রবর্তী প্রমুখ।

সমাবেশে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন ” গত এক সপ্তাহে ৪টি শিশুকে পৈচাশিকভাবে ধর্ষণ ও ধর্ষণের পর হত্যা করা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় একের পর এক ধর্ষণ-সংঘবদ্ধ ধর্ষণ, নিপীড়নের ঘটনা ঘটে চলেছে। ঢাকায় পল্লবীতে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা জনমনে প্রবল আতঙ্ক তৈরি করেছে। সারাদেশে শিশু-নারী ধর্ষণ- হত্যা জনমনে নিরাপত্তাহীনতা এবং ভীতি তৈরি করেছে। সামাজিক অবক্ষয় – নৈতিকতার ধ্বস এত নিচে নেমেছে যে কোমলমতি শিশু ধর্ষণ ও পাশবিক কায়দায় হত্যার ঘটনা একের পর এক ঘটছে। অতীতের ঘটে যাওয়া সকল ঘটনার যদি সুষ্ঠু বিচার হতো এবং অপরাধীরা ক্ষমতাসীনদের ছত্রছায়ায় লালিত পালিত না হতো তাহলে দুর্বৃত্তরা এই সাহস পেত না। এছাড়া বিচারের দীর্ঘসূত্রিতা, সামাজিক অবক্ষয়,মাদকের বিস্তার, নৈতিক মূল্যবোধের অবনতিতে ধর্ষণ আরো বাড়ছে। আমাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। অথচ রাষ্ট্র সে দায়িত্ব পালনে ব্যর্থ।”
বক্তারা অবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের সাথে যুক্ত অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত এবং সারাদেশে ধর্ষণ ও নির্যাতনের সাথে যুক্ত সকল ধর্ষক, নিপীড়ক ও প্রশ্রয়দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে জনজীবনের নিরাপত্তা নিম্চিত করার জন্য সরকারের কাছে আহবান জানান।


