দীর্ঘদিন পর তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষাকে দেখা যাবে এক ফ্রেমে। হিরু খানের পরিচালনায় নতুন বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তারা দু’জন। সম্প্রতি ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয়েছে। এতে অনন্ত-বর্ষার রিল লাইফ ও বাস্তব জীবনের গল্প দেখা যাবে।
এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘অনেক দিন পর ভালো একটি কাজ করলাম। নির্মাতাসহ সবার আন্তরিকতা ছিল কাজটি ভালো করার। প্রচারে এলে দর্শকেরও ভালো লাগবে।’

অনন্ত জলিলের কথার সঙ্গে তাল মিলিয়ে বর্ষা বলেন, ‘খুবই ভালো একটি টিমের সাথে কাজ করলাম। কসটিউম, লাইট, ক্যামেরা, মেকআপ গেটআপে বেশ যত্ন নিয়েছেন নির্মাতা। আমাদের লাইফটা দেখা যাবে এখানে।’
নির্মাতা হিরু খানের ভাষ্যমতে,‘আমার ক্লাইন্ট সেবা হোল্ডিংস লিমিটেডের পরামর্শ ছিল এমন একটি তারকা জুটিকে কাজটিতে মডেল বানানো যারা ব্যক্তি জীবন এবং শোবিজেও সফল। আমি চেষ্টা করেছি বিজ্ঞাপনটিতে এই জুটিকে নতুন করে উপস্থাপন করতে।’
গোলাম রাব্বানীর চিত্রনাট্যে এই বিজ্ঞাপনচিত্রে আরও মডেল হয়েছে দ্বীন ইসলাম, প্রিয়াঙ্কা পিউ, তন্ময় সূর্য, শোভব, পারভেজ আনোয়ার, শুভ, ফয়সাল।

