রবিবার, ১৫ মার্চ ২০২৬

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ সালের ১ম) অধিবেশনের স্থায়িত্বকাল ও কার্যসূচি নির্ধারিত হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই অধিবেশন চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে সংসদের কার্য উপদেষ্টা কমিটি। এছাড়া, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

- Advertisement -

শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

- Advertisement -shukee

বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান। অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং মুহাম্মদ নওশাদ জমির। স্পিকারের বিশেষ আমন্ত্রণে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও অংশগ্রহণ করেন এ বৈঠকে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টা থেকে অধিবেশন শুরু হবে। আগামী ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত হবে। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেয়া হয়েছে।

চলতি অধিবেশনে সংসদ সচিবালয়ে চারশর বেশি প্রশ্ন ও নোটিশ জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৪৬০টিসহ মোট ৪৬৮টি প্রশ্ন পাওয়া গেছে। এছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ২৭টি। বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাবের সংখ্যা ৯৭টি।

বৈঠকে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা সাচিবিক সহায়তা প্রদান করেন। এছাড়া সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও