৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে শনিবার (৭ মার্চ ) গ্রিন টেকনিক্যাল এডুকেশন এন্ড ভলান্টিয়ারিং জি-টেভ এর আয়োজনে ও বাংলাদেশ সোসাইটি অফ ওয়েল্ডারস এর বাস্তবায়নে কারিগরি দক্ষতা সম্পন্ন নারীদের “অগ্নিকন্যা সম্মাননা স্মারক” প্রদান করা হয়েছে। মাস্টার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এর প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানে ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন কাজে জাতীয় দক্ষতা সনদ প্রাপ্ত নারী ওয়েল্ডার উর্মি দাশ কে তার কাজের জন্য এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য আসহাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট(এএসপিআই) ইন্সট্রাক্টর ফারিয়া আরফিনকে এ বছর সম্মাননা প্রদান করা হয়। উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেটিটিসি চট্টগ্রামের ওয়েল্ডিং ট্রেড ইন্সট্রাক্টর মো. ইমরান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবধন বড়ুয়া ও মো. ইলিয়াস কাঞ্চন।
মো. তৌহিদুল ইসলামের সঞ্চালিত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের জনশক্তি কর্মসংস্থানের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এই আয়োজন দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা ও প্রসারে নারীর অংশগ্রহণ নিশ্চিতে বেশ কার্যকর ভূমিকা রাখবে। বাংলাদেশ সরকার নানামুখি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন নারীদের দক্ষতা উন্নয়নে। ওয়েল্ডিং ও অন্যান্য সেক্টরে কাজ করে এমনই কিছু নারীদের খুঁজে বের করেছে বাংলাদেশ সোসাইটি অফ ওয়েল্ডারস এবং তাদের নিয়ে আয়োজন করছেন “অগ্নিকন্যা সম্মাননা” যা বেশ সুন্দর একটি উদ্যোগ বলে আমি মনে করি। কারিগরি দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের বিশেষ করে নারীদের নিয়ে এমন আয়োজন দক্ষতা বৃদ্ধিতে নারীর অংশগ্রহণে যেমন আগ্রহী করবে, তেমনি নারী প্রতি সম্মান প্রদর্শিত হবে।


লিঙ্গ বৈষম্য দূর করে কর্মক্ষেত্রেও নারীদের গুণগত উন্নয়নের জন্য আরো কাজ করে যাবেন এই আশা করছি। অনুষ্ঠান শেষে বিভিন্ন শিল্পকারখানা হতে আগত অতিথিদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় যাতে দেশ ও জাতীয় সামগ্রিক কল্যাণে দোয়া করা হয়।
উক্ত কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন জি-টেভ এর কার্যনির্বাহী পরিষদ সদস্য ইভানা আরফিন, সাব্বির হোসেন রুমান,মো. ইয়াসিন,মো. শহিদুল ইসলাম,মো. রাজিব হোসেন, ইয়াসিন আরাফাত, মিজান,তাসিন সহ বিকেটিটিসি চট্টগ্রামের ওয়েল্ডিং ট্রেডের প্রশিক্ষণার্থীগণ।

