কুমিল্লা থেকে নিজ নির্বাচনী এলাকা মিরসরাই ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী জেলার মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে মিরসরাই যাওয়ার পথে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে এমপির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে ধাক্কা দেয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং সংসদ সদস্যসহ চালক আহত হন।

সংসদ সদস্যের গাড়িচালক মনির হোসেন বলেন, ‘সড়কের মোহাম্মদ আলী নামক এলাকায় হঠাৎ সামনে একটি মোটরসাইকেল চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে সড়কের ডিভাইডারে ধাক্কা লাগে। এতে এমপি মহোদয় ও আমি আহত হই।’
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বারইয়ারহাটের কমফোর্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম নগরের ইম্পেরিয়াল হাসপাতালে পাঠানো হয়।
কমফোর্ট হাসপাতালের চিকিৎসক ডা. রেজাউল করিম জানান, তিনি মুখ, কোমর, মাথা ও পিঠে আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আপাতত তিনি শঙ্কামুক্ত থাকলেও উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মিরসরাই ও আশপাশের এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা হাসপাতালে ছুটে যান এবং এমপির শারীরিক অবস্থার খোঁজ নেন।
এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি দেখা গেলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

