পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু তাঁর নির্বাচনী এলাকা ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনকে চাঁদাবাজি, সন্ত্রাস ও সব ধরনের অনিয়মমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি এ সংক্রান্ত অভিযোগ জানাতে একটি হটলাইন নম্বর চালু করেছেন তিনি।
চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে ০১৭৩০০০৪৮৪৪ এই নম্বরটি প্রকাশ করা হয়। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান মন্ত্রী।

ফেসবুক স্ট্যাটাসে আবদুল আউয়াল মিন্টু লেখেন, ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়মমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন, নির্ভয়ে তথ্য দিন। আপনাদের দেওয়া তথ্য গোপন রাখা হবে।
একই স্ট্যাটাসে তিনি সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানান।
মন্ত্রীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলছেন, এই ঘোষণার কার্যকর বাস্তবায়ন হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শিল্প উদ্যোক্তা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। এরপর তিনি মন্ত্রিসভায় স্থান পান। দীর্ঘদিন মন্ত্রীশূন্য থাকা ফেনী জেলায় তাঁর মন্ত্রিত্ব জনপদে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডেও ফেলবে ইতিবাচক প্রভাব।

