দীর্ঘ প্রায় ২০বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের সুযোগ পাওয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম নগরীর ৭ টি মসজিদে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত এবং ৭ টি মন্দিরে, গির্জার, মাদার তেরেসার জাতীয় চিকিৎসালয়ে প্রার্থনার আয়োজন করেন।
শুক্রবার ( ১৩ ফেব্রুয়ারি ) বাদে জুম্মা অনুষ্ঠিত এসকল ধর্মীয় আয়োজনের অংশ হিসেবে হযরত তৈয়বিয়া জামে মসজিদে অনুষ্ঠিত মুসল্লিদের এক সমাবেশে সাবেক মেয়র মনজুর আলম বলেন, বিএনপি মাটি ও মানুষের দল। এ দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন সৎ ও ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক ছিলেন। তার পথ ধরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩ মেয়াদে বাংলাদেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল রায় নিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। তিনি বলেন, এ বিজয় ন্যায় ও সত্যের। তিনি আশা করেন, বিএনপি কর্তৃক জনগণের খেদমতে উপস্থাপিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন করবেন। সাবেক মেয়র বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের হাত শক্তিশালী করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

দোয়া মাহফিলে মোনাজাত করেন হযরত তৈয়বিয়া জামে মসজিদের খতিব মাওলানা সাহ ইমরান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক, সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সমাজসেবক শাহজালাল, সমাজসেবক মিনহাজুল আনোয়ারসহ অন্যরা। এ সকল ধর্মীয় অনুষ্ঠানে তৈরী খাবার পরিবেশন করা হয়।


