মা ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করতে চট্টগ্রাম নগরীতে মোট ৫টি ব্রেস্ট ফিডিং সেন্টার স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার ( ১০ ফেব্রুয়ারি) নতুন ব্রিজ পুলিশ বক্স এলাকায় ব্রেস্ট ফিডিং সেন্টার প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,“একজন কর্মজীবী বা বাইরে অবস্থানরত মায়ের জন্য শিশুকে বুকের দুধ খাওয়ানো একটি বড় চ্যালেঞ্জ। সেই বাস্তবতা বিবেচনায় নগরীর গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ স্থানে ব্রেস্ট ফিডিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে মায়েরা স্বাচ্ছন্দ্যে এবং মর্যাদার সঙ্গে তাদের শিশুদের প্রয়োজনীয় যত্ন নিশ্চিত করতে পারবেন।”

ডাকবাক্স ফাউন্ডেশনের চেয়ারম্যান, অভিনেতা জিয়াউল হক পলাশ এর নেতৃত্বে বাস্তবায়নাধীন এই পাইলট প্রকল্পের আওতায় নগরীর নতুন ব্রিজ, পতেঙ্গা, কদমতলী কারখানা এলাকা, আগ্রাবাদ এবং রেলওয়ে স্টেশন এলাকায় মোট ৫টি ব্রেস্ট ফিডিং সেন্টার স্থাপন করা হবে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬ লাখ টাকা, যা যৌথভাবে অর্থায়ন করছে ডাকবাক্স ফাউন্ডেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
মেয়র ডা. শাহাদাত হোসেন আরও বলেন,“শিশুর সুস্বাস্থ্য ও মায়ের মর্যাদা রক্ষায় ব্রেস্ট ফিডিং সেন্টার একটি যুগোপযোগী উদ্যোগ। এটি শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, বরং মানবিক নগর গঠনের গুরুত্বপূর্ণ অংশ। পাইলট প্রকল্পটি সফল হলে ভবিষ্যতে চট্টগ্রামের আরও গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের কেন্দ্র স্থাপন করা হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল করিম ভুট্টো, সদস্য, চট্টগ্রাম মহানগর বিএনপি; সালাহউদ্দিন শাহেদ, যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর ছাত্রদল; এন. মোহাম্মদ রিমন, যুগ্ম আহ্বায়ক, মহানগর স্বেচ্ছাসেবক দল; শেখ মেহেদী, সিনিয়র সহ-সভাপতি, হালিশহর বিএনপি এবং নোমান সিকদার সোহাগ, সদস্য, মহানগর স্বেচ্ছাসেবক দল।
এছাড়া ডাকবাক্স ফাউন্ডেশন ব্রেস্ট ফিডিং সেন্টার প্রকল্পের প্রধান সমন্বয়কারী সাফরাশ নুরী সিজ্জি উপস্থিত থেকে প্রকল্পের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
মেয়র মহোদয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রসঙ্গ টেনে বলেন,“চট্টগ্রামকে একটি স্বাস্থ্যবান্ধব, মানবিক ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে আমরা জলাবদ্ধতা নিরসন, খাল পুনরুদ্ধার, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, স্কুল হেলথ প্রোগ্রাম, খেলাধুলার মাঠ আধুনিকায়ন এবং নাগরিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণসহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করছি।”
অনুষ্ঠান শেষে মেয়র ডা. শাহাদাত হোসেন ডাকবাক্স ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত ও মানসম্মতভাবে প্রকল্পটির কাজ সম্পন্ন করার আহ্বান জানান।

