চিত্রনায়িকা পরীমনিকে গুলি করে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি অডিও ক্লিপ শেয়ার করে বিষয়টি নিয়ে তিনি জানান, একটি বিদেশি নম্বর থেকে ফোন করে তাকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।
পরীমনির দাবি, হঠাৎ করেই ওই নম্বর থেকে ফোনটি আসে। কল রিসিভ করার পরই অন্য প্রান্ত থেকে অশ্রাব্য ভাষায় কথা বলা শুরু হয়। পরে বিষয়টি আরও ভয়ংকর রূপ নেয়।

পরীমনি সাংবাদিকদের বলেন, ‘ফোন করা ব্যক্তি ভোট নিয়ে কিছু কথা বলেন এবং সোশ্যাল মিডিয়ায় ভোট সংক্রান্ত কোনো পোস্ট বা শেয়ার না করতে আমাকে হুমকি দেন। একপর্যায়ে গুলি করে হত্যা করার কথাও বলা হয়।’
ঘটনায় আতঙ্কিত হলেও বিষয়টি গোপন না রেখে সবাইকে জানানোই সঠিক মনে করেছেন বলে জানান এই অভিনেত্রী। তবে এখনো পর্যন্ত আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি পরীমনি।

