বাঙালি সংস্কৃতির হারিয়ে যেতে বসা ঐতিহ্য সংরক্ষণে পিঠা উৎসবের মতো আয়োজন আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
গেল শনিবার রাতে পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতির আয়োজনে এবং চৌধুরী সুইটসের সৌজন্যে অনুষ্ঠিত “পিঠা উৎসব”-এ প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

মেয়র বলেন, “গ্রামবাংলার বহু ঐতিহ্যবাহী পিঠা-পুলি আজ হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের কাছে এসব ঐতিহ্য তুলে ধরতে হলে এই ধরনের পিঠা উৎসব নিয়মিত আয়োজন করা প্রয়োজন। পিঠা শুধু খাবার নয়, এটি আমাদের সংস্কৃতি, আবেগ ও শিকড়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন আমাদের পারিবারিক ও সামাজিক বন্ধনকে দৃঢ় করে। পাঁচলাইশের মতো অভিজাত ও জনবহুল এলাকায় এমন উৎসব আয়োজন সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।”
বক্তব্যে মেয়র চট্টগ্রাম নগরীর চলমান উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, “পাঁচলাইশ এলাকাকে অচিরেই জলাবদ্ধতামুক্ত করা হবে। জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেওয়া হচ্ছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি মো. আইয়ুব,সহসভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ সেলিম, উপ-পুলিশ কমিশনার কাজী আব্দুর রহিম এবং সমিতির কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

