চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ফটিকছড়ি মাইজভান্ডার এলাকার আজিমপুর আস্তানায় শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে খতমে কুরআনে পাক, আলোচনা সভা, মিলাদ মাহফিল, ভক্তদের মাঝে খাবার বিতরণ এবং তবারক বিতরণের মধ্য দিয়ে গাউসুল আজম মাইজভান্ডারী ইমামুল আউলিয়া হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ (কঃ) ১২০ তম মাইজভান্ডার ওরশ শরীফ সম্পূর্ণ হয়েছে। আজিমপুর আস্তানায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। ধর্মীয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ সুফি সৈয়দ মিনহাজুল আনোয়ার (মঃজিঃআঃ)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম রাজু, আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম, আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম, আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ্ব মো. শাহিদুল আলম, উপাধ্যক্ষ বাদশা আলমসহ মাইজভান্ডার দরবার শরীফের বিশিষ্টজন, ভক্ত, অনুরাগিও আশেকানবৃন্দ। আলোচনা ও ধর্মীয় অনুষ্ঠানের পর ভক্ত, আসেকান, অনুরাগি সকলের মাঝে শাহি ডেক এর তৈরি ফিন্নি এবং খাবার বিতরণ করা হয়। সভাপতির বক্তব্যে সাবেক মেয়র মনজুর আলম আধ্যাত্বিক সাধক, গাউসুল আজম মাইজভান্ডারী ইমামুল আউলিয়া হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহাম্মদ উল্লাহ (কঃ) ওরশ শরীফের আলোচনা সভায় বলেন, একক শ্রষ্টা আল্লাহর আনুগত্য, বিরোধ পরিহার, শান্তিপূর্ণ সহাবস্থান ও নীতি নৈতিকতার চর্চায় মুক্তির পথ।
প্রধান অতিথি সৈয়দ মিনহাজুল আনোয়ার বলেন, মদিনার সনদে বর্ণিত সকল শর্ত মানার মধ্য দিয়েই ন্যায়, নীতি, সাম্য, দয়া, দায়িত্ব ও একে অপরের প্রতি সম্মানের ভিত্তিতে শান্তিপূর্ণ সহঅবস্থান সকলের কামনা। তিনি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কামনা করেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলহাজ্ব ইমরান হাসান আল কাদেরী।

