শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

৫-০ ব্যবধানে

বিলবাওকে উড়িয়ে বার্সেলোনা সুপার কাপের ফাইনালে

নিজস্ব প্রতিবেদক

জিতলেই ফাইনাল, আর হারলে বিদায়। এমন সমীকরণের ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। প্রথমার্ধে মাত্র ১৬ মিনিটের ব্যবধানে ৪ গোল করে লাগামটা হাতে নেয় কাতালানরা। বিরতির পর আরও এক গোল করে বড় জয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল নিশ্চিত করে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

- Advertisement -

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে ফাইনালে ওঠার পথে বিলবাওকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। বড় জয়ে স্প্যানিশ চ্যাম্পিয়নদের পক্ষে রাফায়েল রাফিনিয়া জোড়া এবং ফেররান তোরেস, ফারমিন লোপেজ ও রুনি বার্ধগি একটি করে গোল করেছেন।

- Advertisement -shukee

পুরো ম্যাচে ৮০ শতাংশ বল পজিশন ধরে রেখে গোলের জন্য ১৪টি শট নেয় বার্সা, যার ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে ২০ শতাংশ বল পজিশন ধরে রাখা বিলবাওয়ের নেয়া ৯ শটের মধ্যে ৪টি লক্ষ্যে ছিল। এদিন প্রথম কোনো দল হিসেবে স্প্যানিশ সুপার কাপের সেমির প্রথমার্ধেই চারটি গোল করেছে বার্সেলোনা।

যদিও ম্যাচে তাদের প্রথম লক্ষ্যে রাখা শটটি আসে ১৬ মিনিটে। তবে পেদ্রির নেয়া শটটি গেছে বিলবাও গোলরক্ষক উনাই সিমোন বরাবর। ২১ মিনিটে তোরেসের গোলে লিড নেয় দলটি, বার্ধগির পাস কাজে লাগাতে পারেননি লোপেজ, তবে তোরেসের পায়ে যেতেই তিনি বক্সের বাইরে থেকে নেয়া শটে জাল কাঁপান।

বার্সার লিড ব্যবধান দ্বিগুণ হয় ৯ মিনিট পরই। বক্সে রাফিনিয়ার পাস পেয়ে এক স্পর্শ লোপেজ সেটি বিলবাওয়ের জালে জড়ান। ৩৪ ও ৩৮তম মিনিটে আসে আরও দুটি গোল। প্রথমে লোপেজের বাড়ানো বল একজনকে পেরিয়ে বার্ধগি নিচু শট নেন। যা সিমোনের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে গোললাইন অতিক্রম করে। এবার বার্ধগির পাস পেয়ে একজনের বাধা এড়িয়ে বুলেট গতির শটে স্কোরশিটে নাম তোলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়াও। এতক্ষণ প্রায় দর্শক হয়ে থাকা বিলবাও ৪২ মিনিটে ভীতি ছড়ায়, তবে গোলপোস্টে লেগে তাদের শট ফেরে।

একইভাবে বিরতির পরও আধিপত্য ধরে রেখে আক্রমণ চালায় বার্সেলোনা। রাফিনিয়ার সুবাদে ৫২ মিনিটে তারা পঞ্চম গোল পেয়ে যায়। বক্সের ভেতর থেকে জোরালো শট নেন এই সেলেসাও ফরোয়ার্ড। তবে তাকে বদলি উঠানো হয় ৬৫ মিনিটে, পরিবর্তে নামেন মার্কাস রাশফোর্ড। লামিনে ইয়ামালকেও বদলি নামানো হয় বার্ধগির জায়গায়। এরপর কয়েকটি সুযোগ এলেও আর কেউ গোল করতে পারেনি।

লা লিগায় টানা ৯ ম্যাচজয়ী বার্সা চলতি মৌসুমের প্রথম শিরোপা জয়ের কাছাকাছি পৌঁছে গেল। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ নির্ধারণ হবে আজ (বৃহস্পতিবার)। এদিন দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও