গত অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ৩৯ বছর বয়সী জিম্বাবুয়ের লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার। সেটাও সাত বছর পর। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ খেলেই এবার টি-২০ বিশ্বকাপের দলে জায়গা পেলেন তিনি।
ক্রেমার পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ খেলে ৭ ওভার হাত ঘুরিয়ে ৪৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। জিম্বাবুয়ের বিশ্বকাপে দলে ফিরেছেন দীর্ঘদেহী পেসার ব্লেজিং মুজুরাবানি। তিনি ইনজুরির কারণে সর্বশেষ ত্রি-দেশীয় সিরিজ মিস করেছিলেন।

আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মাদকাসক্তির কারণে জিম্বাবুয়ে দল থেকে বাদ পড়েন শন উইলিয়ামস। তার জায়গায় ক্লিভ মাদান্দে জিম্বাবুয়ের দলে জায়গা পেয়েছিলেন। বিশ্বকাপ দলে মাদান্দে জায়গা ধরেও রেখেছেন। জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে সর্বাধিক রান করায় দলে তার জায়গা পাকা হয়েছে।
জিম্বাবুয়ের বিশ্বকাপ দলে আছেন দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা উইকেটরক্ষক ব্রেন্ডন টেইলর। বিশ্বকাপে জিম্বাবুয়ে দলকে নেতৃত্ব দেবেন পাকিস্তানি বংশোদ্ভূত অলরাউন্ডার সিকান্দার রাজা। বিশ্বকাপে জিম্বাবুয়ে গ্রুপ ‘বি’ তে রয়েছে। তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও ওমান।
জিম্বাবুয়ের বিশ্বকাপ দল: সিকান্দার রাজা, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্রাড ইভান্স, ক্লিভ মাদান্দে, তিনোতেন্দা মাপোসা, তাডিওনাসে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনঙ্গা, তাসিঙ্গা মুসেকিয়া, ব্লেজিং মুজুরাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগ্রাভা, ব্রেন্ডন টেইলর।

