দেশজুড়ে শীতের প্রভাব এবার আরও বেশি অনুভূত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি—এই তিন মাসে কয়েক দফা তীব্র শৈত্যপ্রবাহসহ ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে দেশে ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে, যেখানে তাপমাত্রা নেমে আসতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। পাশাপাশি ৩ থেকে ৮টি মৃদু (৮–১০ ডিগ্রি সেলসিয়াস) ও মাঝারি (৬–৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এসবের মধ্যে কয়েকটি শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে, যার ফলে তাপমাত্রা ৪–৬ ডিগ্রির মধ্যে নামার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদ-নদীর অববাহিকা ও আশপাশের এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্য অংশেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে, যা মাঝে মাঝে দৃষ্টিসীমা কমিয়ে দিতে পারে।
ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীত আরও প্রকটভাবে অনুভূত হতে পারে। ফেব্রুয়ারির শেষ দিকে কোথাও কোথাও ১ থেকে ২ দিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

