স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
বুধবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টার পর তারা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হন।

সচিবালয়ের মূল ফটকের কাছে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে বিক্ষোভকারীরা। প্রায় আধঘণ্টা ধরে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির একপর্যায়ে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকজন শিক্ষক আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
শিক্ষকদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে সচিবালয়ে প্রবেশ করে সরকারের সঙ্গে তাদের দাবি নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ বাধা দিয়েছে এবং অপ্রয়োজনীয়ভাবে বলপ্রয়োগ করেছে। এক শিক্ষক বলেন,
“আমরা শিক্ষিত মানুষ, দাবি জানাতে এসেছি। কিন্তু আমাদের ওপর জলকামান ও গ্রেনেড ছোড়া হয়েছে— এটা অত্যন্ত দুঃখজনক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
জয়পুরহাট থেকে আসা এক শিক্ষক জানান, সরকার একাধিকবার জাতীয়করণের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা বাস্তবায়ন হচ্ছে না। তিনি বলেন,
“ঘোষণা দেওয়া হলেও প্রক্রিয়া আটকে রাখা হচ্ছে। আমরা শুধু প্রতিশ্রুতি নয়, কার্যকর পদক্ষেপ চাই।”

