সীতাকুণ্ড উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংক- চট্টগ্রাম কর্তৃক আয়োজিত “ জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা ” অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে শুরু হয়ে দুপুর ১২ টায় সমাপ্ত হয় কর্মশালা।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংক-চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক ( কারেন্সী) মোরশেদ আলম।
কর্মশালা উদ্বোধন করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম।
সোনালী ব্যাংক চট্টগ্রামের ডিজিএম মোহাম্মদ আসাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পার্সন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক- চট্টগ্রামের যুগ্ম পরিচালক ( ক্যাশ) মোহাম্মদ আব্দুল কাদের।
বক্তব্য রাখেন সীতাকুণ্ড পৌরসদর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি মো. নাসির উদ্দিন ভূঁইয়া। সোনালী ব্যাংক পিএলসি সীতাকুণ্ড শাখার ম্যানেজার মোহাম্মদ মাসুদ পারভেজ স্বাগত বক্তব্য রাখেন।
উক্ত কর্মশালায় ব্যাংক কর্মকর্তা, সাংবাদিক,ব্যবসায়ী,কৃষকসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা মোরশেদ আলম বলেন, পুরাতন ও নতুন টাকার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে,একটু দেখেশুনে যাচাই করে বড় অংকের নতুন বা পুরাতন টাকা গ্রহণ করবেন। জাল টাকা প্রস্তুতকারী প্রতারকরা অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করছে। নকল টাকা ধরার কোনো উপায় নেই,তবে আসল টাকায় বিশেষ কয়েকটি নমুনা রয়েছে যা নকল টাকায় নেই।


