বহুল আলোচিত চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী আব্দুল হাকিম হত্যার রেশ না কাটতেই আবারও খুনের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তদের ব্রাশফায়ারে নিহত হয়েছেন আলমগীর ওরফে আলম (৫৫) নামে এক যুবদলকর্মী।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার রশিদারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আলমগীর রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী মার্কেট এলাকার ছিদ্দিক চৌধুরী বাড়ির আব্দুস সাত্তারের ছেলে। তিনি স্থানীয় যুবদলের কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকালে অজ্ঞাত সন্ত্রাসীরা আলমগীরকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু বলেন, ‘দুর্বৃত্তদের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারব।’
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।
এর আগে, গত ৭ অক্টোবর একই উপজেলার পাহাড়তলী এলাকায় আবদুল হাকিম (৫২) নামের এক ব্যবসায়ীকে মোটরসাইকেলযোগে আসা সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। নিহত হাকিমও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয়দের দাবি রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ে রাউজানে ক্রমাগত চলছেই সংঘাত ও হত্যাকাণ্ড। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এ উপজেলায় অন্তত ১৭ জন খুনের শিকার হয়েছেন।

