মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মহি উদ্দিন (৩০) নামে এক কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ডাউন-লাইনে ঘটে এ দুর্ঘটনা ।

মহি উদ্দিন উপজেলার ৭নম্বর কাটাছড়া ইউনিয়নের মোস্তফা মাস্টার বাড়ির আজিজুল হকের ছেলে। তিনি স্থানীয় একটি শিল্পকারখানায় শ্রমিক।
প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আপ ও ডাউন-লাইনের দু’দিক থেকে ট্রেন আসাতে তিনি একটি লাইন পার হতে পারলেও আরেক দিক থেকে আসা ট্রেনটি দেখতে পাননি। সাথে সাথে দ্রুতগামী ট্রেনে কাটা পড়ে শরীর থেকে মাথা বিছিন্ন হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় জোরারগঞ্জ থানা পুলিশ ও সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আশরাফ সিদ্দিকী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। লাশের সাথে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করেছি। স্বজনদের খবর দেয়া হয়েছে, স্বজনরা এলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

