গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে তিনি ঢামেক হাসপাতালে যান। এ সময় তিনি তার শারীরিক ও চিকিৎসার খোঁজখবর নেন

এর আগে, নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
গত শুক্রবার রাতের ঘটনার পটভূমি অনুযায়ী, রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের কর্মীদের সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ করলে নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ অনেকে আহত হন।
অপরদিকে, দুর্বৃত্তের হামলায় আহত জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমানকেও বিএনপি মহাসচিব দেখতে গিয়েছেন। শনিবার রাতের হামলায় লুৎফর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। তাকে তাৎক্ষণিকভাবে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।

