আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর মূল ভবনের চলমান সংস্কার কাজ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তারা সংস্কারাধীন ভবনটি ঘুরে দেখেন। পরিদর্শনকালে সেখানে আরও উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এদিকে, চলমান জুলাই-আগস্টের আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে চলছে। এরইমধ্যে একাধিক মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন এবং সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় সাক্ষ্যগ্রহণ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বর্তমানে ট্রাইব্যুনাল-১ ও ২উভয় কোর্টেই এসব বিচার কার্যক্রম চালু রয়েছে। তবে ট্রাইব্যুনাল-২-এর মূল ভবনের সংস্কার কাজ এখনো সম্পূর্ণ না হওয়ায় অস্থায়ীভাবে টিনশেড কক্ষে বিচারকাজ পরিচালিত হচ্ছে।

