ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের ৩৮২তম কাউন্সিল সভা শনিবার (১৯ জুলাই) কেন্দ্রের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এতে সভাপতিত্ব করেন।
সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান এর সঞ্চালনায় কাউন্সিলে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম কেন্দ্রীয় কাউন্সিল সদস্যবৃন্দ, সকল স্থানীয় কাউন্সিল সদস্যবৃন্দ ও সম্মানী সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে ৩৮১তম সভার পর হতে যে সমস্ত প্রকৌশলী নিহত হয়েছেন তাঁদেরসহ প্রকৌশলী আনোয়ারুল কবির এর একমাত্র পুত্র চট্টগ্রাম ক্যান্টমেন্ট পাবলিক কলেজের মেধাবী ছাত্র তাহসিন আনোয়ার সীতাকুণ্ডের সহস্রধারা ঝর্ণায় দুর্ঘটনায় নিহত হওয়ায় শোক প্রস্তাব করা হয়। আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের কাউন্সিল কেন্দ্রের ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট অনুমোদন, কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম পরিচালনাসহ প্রকৌশলীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন। এগুলোর মধ্যে বেসরকারি চাকুরীজীবী প্রকৌশলীদের চাকুরী বিধিমালা প্রণয়ন, প্রকৌশলীদের নিয়ে জব ফেয়ার আয়োজন, প্রকৌশলীদের নিয়োগ ও পদোন্নতি বিষয়ে পদক্ষেপ গ্রহণ ইত্যাদি। এছাড়া আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের সাথে চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের গোলটেবিল বৈঠক আয়োজন চট্টগ্রামের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার উদ্যোগ গ্রহণসহ জুলাই-আগস্ট ফ্যাসিস্ট বিতাড়ন আন্দোলন স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কাউন্সিল সেগুলো সফলভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে।

