চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের সাথে ইজারা চুক্তি বাতিল ও ঢাকায় জোটের বিক্ষোভে পুলিশী হামলার প্রতিবাদে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে আজ রবিবার ( ১১ অক্টোবর ) বিকালে আন্দরকিল্লা মোড়ে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সিপিবি জেলা সভাপতি কমরেড অশোক সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কমরেড শাহ আলম,গণমুক্তি ইউনিয়ন জেলা সভাপতি কমরেড রাজা মিঞা, বাসদ ( মার্ক্সবাদী) জেলা সমন্বয়ক এড শফিউদ্দিন কবির আবিদ, বাসদ চট্টগ্রাম জেলা ইনচার্জ কমরেড আল কাদেরী জয়,সাম্যবাদী আন্দোলন চট্টগ্রাম ইনচার্জ শাহীন মঞ্জুর প্রমুখ।

নেতৃবৃন্দ ঢাকায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি স্বাক্ষরের দিন ঢাকায় প্রতিবাদরত আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জ ও লাঠিচার্জে সিপিবি কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ জহির চন্দন,বাসদ(মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা সীমা দত্ত,বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মনীষা চক্রবর্তীসহ নেতাকর্মীদের আহত হওয়ার ঘটনা ও হামলাকারীদেরর বিচার দাবি করেন।
নেতৃবৃন্দ আরো বলেন, ”চট্টগ্রাম বন্দরের সাথে শুধু দেশের অর্থনৈতিক স্বার্থ যুক্ত নয়,এর সাথে ভূকৌশলগত
স্বার্থ,রাজনৈতিক, সামরিক ও সার্বভৌমত্বের বিষয়ও যুক্ত। দেশের ও চট্টগ্রাম বন্দরের নিজস্ব চার হাজার কোটি টাকায় নিউমুরিং টার্মিনাল নির্মাণ ও অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয় করা হয়েছিল এবং এটি অত্যন্ত লাভজনক একটি কন্টেইনার টার্মিনাল।বিএনপি সরকার আরব আমিরাত ও মার্কিন সাম্রাজ্যবাদকে খুশি করতে ডিপি ওয়ার্ল্ডের সাথে তড়িঘড়ি চুক্তি সই করেছে।অন্যদিকে বিরোধীদল জামাত,এনসিপিও সাম্রাজ্যবাদীদের খুশি রাখতে এরকম আত্মঘাতী জাতীয় স্বার্থবিরোধী চুক্তির কোনো বিরোধিতা করছেনা।ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি বাংলাদেশের অর্থনীতি,জাতীয় নিরাপত্তা ও স্বার্থকে দীর্ঘমেয়াদে ঝুঁকিতে ফেললো। চুক্তি স্বাক্ষর হলেও,চুক্তিতে কি আছে তা প্রকাশ করা হচ্ছেনা। এখন এ চুক্তির ফলে বন্দরের আয়কৃত রাজস্বের সিংহভাগই বিদেশে চলে যাবে।”
নেতৃবৃন্দ সমাবেশ থেকে ডিপি ওয়ার্ল্ডের সাথে সম্পাদিত চুক্তি জনসম্মুখে প্রকাশের আহবান জানান এবং অবিলম্বে এ জাতীয় স্বার্থবিরোধী টুক্তি বাতিলের জোর দাবি জানান।


