গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় সাশ্রয়ী ও ধারাবাহিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার স্বীকৃতি পেল গ্রামীণ হেলথটেকের এআই-সক্ষম ডিজিটাল স্বাস্থ্যসেবা ইকোসিস্টেম। গ্রামীণ হেলথটেক লিমিটেড উদ্ভাবিত এআই-সক্ষম, রোগীকেন্দ্রিক ও আন্তঃসংযোগযোগ্য (ইন্টারঅপারেবল) ডিজিটাল স্বাস্থ্যসেবা অ্যাপ্লিকেশন ও কমিউনিটি-কেয়ার ইকোসিস্টেম বাংলাদেশ আইসিটি ও ইনোভেশন নেটওয়ার্ক (বিআইআইএন) অ্যাওয়ার্ডের “ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস” ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) ব্র্যাক ইউনিভার্সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত আয়োজনে সুখীর পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন গ্রামীণ হেলথটেক লিমিটেডের সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী, চিফ বিজনেস এন্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ সোলায়মান রাসেল, স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার মোহাম্মদ আবুল হোসেন বঙ্গবাসী, চিফ মার্কেটিং অফিসার কিংশুক হক, এপ্লিকেশন টেক লিড মো. তানবীর হোসেন এবং চিফ অফ রিসার্চ, অ্যানালাইটিক্স এন্ড কাস্টমার এক্সপেরিয়েন্স ডা. হোসাইন মো. আল-আমিন।

বিআইআইএন-এর আয়োজক ও বিচারক পর্ষদ, সহযোগী প্রতিষ্ঠান, পার্টনার এবং গ্রামীণ গ্রুপ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গ্রামীণ হেলথটেক সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী গণমাধ্যমকে দেয়া তার বিবৃতিতে বলেন “এই স্বীকৃতি আমাদের প্রতিটি লিংক ওয়ার্কার, চিকিৎসক ও সেবাগ্রহীতারা- যাঁরা সুখীকে নিজেদের জীবনের অংশ করে নিয়েছেন। কে কোথায় থাকেন, তার ওপর স্বাস্থ্যসেবা নির্ভর করা উচিত নয়। এই পুরস্কার আমাদের বাংলাদেশের প্রতিটি ঘরে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার প্রেরণা জোগাবে।
”সুখী মূলত গ্রামীণ, সুবিধাবঞ্চিত ও ডিজিটাল সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও ধারাবাহিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তৈরি। একটি সমন্বিত সেবাপথে রোগী, চিকিৎসক, ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল, পরিচর্যাকারী, সুখী সেবা কেন্দ্র এবং কমিউনিটিভিত্তিক সুখী লিংক ওয়ার্কারদের যুক্ত করে। এই সেবাগুলোর মধ্যে রয়েছে ২৪/৭ টেলিমেডিসিন, বিশেষজ্ঞ পরামর্শ, ডিজিটাল প্রেসক্রিপশন, ওষুধ ডেলিভারি, হোম ডায়াগনস্টিকস, রেফারেল, মানসিক স্বাস্থ্যসেবা, মা ও শিশুস্বাস্থ্য এবং অসংক্রামক রোগ (এনসিডি) ব্যবস্থাপনা। আর সমন্বিত ও আন্তঃসংযোগযোগ্য ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড (ইএমআর)-এর মাধ্যমে নিশ্চিত হয় ধারাবাহিক ফলোআপ।
এআই-সক্ষম হেলথকেয়ার চ্যাটবট ২৪/৭ সেবা নির্দেশনা, প্রাথমিক উপসর্গ গ্রহণ, স্বাস্থ্যশিক্ষা, অ্যাপয়েন্টমেন্ট সহায়তা এবং ওষুধ ও ফলোআপের রিমাইন্ডার দেয়, প্রয়োজনে যোগ্য স্বাস্থ্যপেশাজীবীর কাছে নির্বিঘ্নে পৌঁছে দেয়। ক্লিনিক্যাল ডিসিশন সাপোর্ট সিস্টেম (সিডিএসএস) রোগীর কাঠামোবদ্ধ ইতিহাস, ক্লিনিক্যাল পর্যবেক্ষণ ও রিয়েল-টাইম ভাইটাল সাইন বিশ্লেষণ করে চিকিৎসকদের ঝুঁকি শনাক্তকরণ, গাইডলাইনভিত্তিক পরামর্শ ও প্রমাণনির্ভর সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। ডোরস্টেপ লিংক ওয়ার্কার, সুখী সেবা কেন্দ্র এবং সংযুক্ত মেডিকেল ডিভাইসের মাধ্যমে, বিশেষ করে ‘সুখী স্বাস্থ্য বন্ধু’ ৬-ইন-১ ডিভাইসে রিয়েল-টাইম স্বাস্থ্য পরীক্ষার সুবিধায়, সুখী প্রতিটি গ্রামীণ পরিবারকে রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবার একটি সংযুক্ত কেন্দ্রে রূপান্তরিত করছে।

