চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাজখালী খালে পড়ে মো. মিনহাজ (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খতিবনগর এলাকায় এ ঘটনা ঘটে।

মিনহাজ ওই এলাকার মো. ইব্রাহিমের ছেলে। সে ইসলামপুর তৈয়্যবিয়া তাহেরিয়া ছত্তারিয়া সুন্নিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।
জানা গেছে, তিন দিন আগে অসুস্থতার কারণে চিকিৎসার জন্য মাদ্রাসার হিফজ বিভাগ থেকে ছুটি নিয়ে মিনহাজকে বাড়িতে নিয়ে যান তার মা। শনিবার সকাল ১১টায় তাকে আবার মাদ্রাসায় নিয়ে যাওয়ার কথা ছিল।
এর আগে সকালে মিনহাজ বন্ধুদের সঙ্গে সাইকেল নিয়ে বের হয়। পরে নিজের সাইকেলটি বাড়িতে রেখে বন্ধুর সাইকেলে করে ঘুরতে বের হয় সে।
একপর্যায়ে রাজখালী খালের পাড় দিয়ে যাওয়ার সময় সাইকেল থেকে খালে পড়ে যায় মিনহাজ।
পরে তার এক বন্ধু পেছনে ফিরে মিনহাজকে খালে পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। তারা মিনহাজকে উদ্ধার করে রাঙামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, খালে পড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সাইকেল চালানো সময় অসাবধানাতাবশত খালে পুড়ে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

