ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রী, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটরশোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে ‘হাইয়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নিয়ে যাওয়া হয়।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপি নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা ‘হাইয়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলের সামনে ব্যানার, পোস্টার ও ফেস্টুন হাতে মিছিল এবং স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীও হাসিমুখে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।
নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘হাইয়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলেই অবস্থান করবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে স্ত্রী ডা. জুবাইদা রহমান ছাড়াও সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়াকে কেন্দ্র করে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে প্রতিহত করার ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের (যেমন যুবলীগ) নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সেখানে অবস্থান নেন। উভয় পক্ষের স্লোগান ও পাল্টাপাল্টি অবস্থানের ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতি ও ধস্তাধ্বস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের (NYPD) ডেমো বা রাইট পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে উভয়পক্ষকে আলাদা করে দেয়। নিউইয়র্কে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মুখোমুখি অবস্থান এবং উত্তেজনার একটি ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। পাশাপাশি সেখানে আইনশৃংখলা বাহিনীও শক্ত অবস্থানে আছে।

