উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছাকাছি একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এটি শক্তি সঞ্চয় করে শনিবার সন্ধ্যার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার আশঙ্কাও রয়েছে।
সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টি তৈরি হলে বিশ্ব আবহাওয়া সংস্থার নির্ধারিত নামের তালিকা অনুযায়ী এর নাম হবে ‘অর্ণব’, যা বাংলাদেশের দেয়া নাম।

আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল জিএফএস বলছে, সৃষ্ট ঘূর্ণাবর্তটি পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) এখন পর্যন্ত শুধু নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে।
আইএমডির পূর্বাভাস অনুযায়ী, আগামী ২১ বা ২২ সেপ্টেম্বরের মধ্যে ঘূর্ণাবর্তটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর প্রভাবে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশে বজ্রপাত ও দমকা হাওয়াসহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গেও বৃষ্টির প্রভাব পড়তে পারে।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং সৌরাষ্ট্র থেকে বঙ্গোপসাগর ও সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গে ইতোমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। পরিস্থিতি বিবেচনায় উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার পর্যন্ত বৃষ্টির ‘হলুদ সতর্কতা’ জারি রাখা হয়েছে।

