দেশের বাজারে থাকা ছেঁড়া, ফাটা, অপ্রচলনযোগ্য ও দাবিযোগ্য নোট বদল বা বিনিময়ের সেবা নিয়মিতভাবে চালু রাখার জন্য সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রবিবার(৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে রংপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলালের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদ সদস্য তাঁর প্রশ্নে উল্লেখ করেন, দেশের বিভিন্নস্থানে সাধারণ ও স্বল্পআয়ের মানুষ ব্যাংক থেকে নষ্ট কিংবা অতিরিক্ত ব্যবহৃত নোট এনে নতুন নোটের সাথে বদল করে সামান্য লাভে জীবিকা নির্বাহ করে থাকেন। বর্তমানে নতুন নোট দেয়া বন্ধ থাকায় তাঁদের সেই উপার্জনের পথ ব্যাহত হচ্ছে কি না, তা জানতে চাওয়া হয়।
জবাবে অর্থমন্ত্রী জানান, সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে এবং ত্রুটিপূর্ণ নোট বাজার থেকে তুলে নিতে সব তফসিলি ব্যাংককে নিয়মিত নোট বিনিময়ের নির্দেশনা আগেই দেয়া হয়েছে এবং এ সেবা অব্যাহত রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, নতুন টাকা ছাপানো এবং তা বাজারে ছাড়ার বিষয়টি একটি নিয়মিত প্রক্রিয়া। ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট লেনদেন ও বিনিময়ের সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী যেকোনো নাগরিক ব্যাংকিং চ্যানেলে গিয়ে তাঁদের কাছে থাকা ছেঁড়া বা ফাটা নোট সহজেই বদলে নিতে পারবেন।

