চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।
নিহত সামিহা হাকিম নেহা ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাজু সুলতানের বাড়ির লোকমান হাকিমের মেয়ে। প্রায় ছয় মাস আগে মারুফ পারভেজের সঙ্গে তার বিয়ে হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

নিহতের পরিবারের অভিযোগ, যৌতুক ও পারিবারিক কলহের জেরে নেহাকে শারীরিকভাবে নির্যাতনের পর হত্যা করে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
এ ঘটনায় নিহতের মা রুপা আকতার বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা করেছেন। মামলায় নেহার স্বামী মারুফ পারভেজসহ দুজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও চারজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে রুপা আকতার অভিযোগ করেন, বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে তার মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন মারুফ পারভেজ। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস বৈঠক করে সতর্ক করা হলেও নির্যাতন বন্ধ হয়নি। তার অভিযোগ, পরিকল্পিতভাবে নেহাকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে।
তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা সুনির্দিষ্টভাবে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও বলেন, নিহতের মায়ের দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

