Wednesday, 26 August 2026

[the_ad id='15178']

ভোটকেন্দ্র বহালের দাবিতে মানববন্ধন ফটিকছড়িতে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছোট ছিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের ভোটকেন্দ্রটি সরিয়ে প্রায় এক কিলোমিটার দক্ষিণে আজিমপুর কল্লোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেয়ার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছেন এলাকাবাসী।

- Advertisement -

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ছোট ছিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি পালিত হয়।

- Advertisement -shukee

তারা প্রস্তাবিত ভোটকেন্দ্র স্থানান্তরের উদ্যোগ বন্ধ করে আগের স্থানেই কেন্দ্রটি বহাল রাখার দাবি জানান।

এলাকাবাসীর পক্ষে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন শামশুল আলম সিকদার।

অভিযোগে বলা হয়, ছোট ছিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সুন্দরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী ও সুবিধাজনক স্থানে অবস্থিত। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে এখানে ভোটগ্রহণ হয়ে আসছে।

ফলে ভোটারদের সহজ যাতায়াত ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে কেন্দ্রটি পূর্বের স্থানেই স্থায়ীভাবে বহাল রাখা প্রয়োজন।

মানববন্ধনে বক্তারা বলেন, অতীতে জাতীয় সংসদ, উপজেলা ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে এ কেন্দ্রে কোনো ধরনের গোলযোগ বা অরাজকতার ঘটনা ঘটেনি।

অথচ এখন একটি মহল পরিকল্পিতভাবে কেন্দ্রটি অন্যত্র সরিয়ে নেয়ার চেষ্টা করছে। সাবেক চেয়ারম্যান শহিদুল আজমের ইন্ধনে এ পাঁয়তারা চলছে বলেও অভিযোগ করেন তারা।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সাবেক চেয়ারম্যান শহিদুল আজম। শহিদুল আজম বলেন, সুন্দরপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডেই তার ভোটার রয়েছে। তিনি চাইলে আগেই ভোটকেন্দ্র অন্যত্র সরানোর উদ্যোগ নিতে পারতেন। কিন্তু তা করেননি। ১ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী তাকে সমর্থন করেন বলেও দাবি করেন তিনি। ১ নম্বর ওয়ার্ডের সব ভোটারের জন্য সুবিধাজনক স্থানে ভোটকেন্দ্র স্থাপন করা হলে তার কোনো আপত্তি নেই। এ বিষয়ে তার ব্যক্তিগত কোনো পছন্দ-অপছন্দ নেই বলেও জানান তিনি।

এদিকে মঙ্গলবার বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কেন্দ্রটি সরেজমিনে পরিদর্শন করে তদন্ত করার কথা ছিল। কিন্তু তারা ঘটনাস্থলে না গিয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ে কিছুক্ষণ অবস্থান করে ফিরে যান বলে জানা গেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ছোট ছিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েই ভোটকেন্দ্র বহাল রাখার জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছেন।

 

 

 

সর্বশেষ

এই বিভাগের আরও