চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি সমুদ্র উপকুলে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইদ্রিস আলী (৫০) নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।
বুধবার (১৯ আগস্ট) রাতে নগরের বেসরকারি ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার তার লাশ গ্রামের বাড়ি জামালপুরে পাঠানো হয়েছে।

নিহত ইদ্রিস আলীর বাড়ি জামালপুরে। গত ১৪ আগস্ট সকালে দুর্ঘটনার পর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ইদ্রিস আলীকে অসুস্থ অবস্থায় ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ন্যাশনাল হাসপাতালের উপমহাব্যবস্থাপক মো. ফারুক বলেন, ইদ্রিস নামের একজন রোগী বুধবার মারা গেছেন। দুর্ঘটনার দিন থেকেই তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
এর আগে গত ১৪ আগস্ট সকাল ৯টার দিকে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে পুরোনো জাহাজ ‘এমটি রাসি’র ব্যালাস্ট ট্যাংক কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন শ্রমিকেরা। এতে ঘটনাস্থল ও পরে চিকিৎসাধীন অবস্থায় মোট নয়জনের মৃত্যু হয়। আহত অবস্থায় আরও ছয়জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জামালপুরের ইদ্রিস আলী তাঁদের মধ্যে ছিলেন ।

